সৌদি আরবে বাংলাদেশি কর্মী নিয়োগ নিয়ে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে উপনীত হলো বাংলাদেশ ও সৌদি আরব।

সোমবার, ৬ অক্টোবর, সৌদি আরবের রিয়াদে এ চুক্তি স্বাক্ষর হয়। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। সৌদি আরবের পক্ষে স্বাক্ষর করেন দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার আহমেদ বিন সোলাইমান আল-রাজী।

বহির্বিশ্বে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে ১৯৭৬ সাল থেকে অনানুষ্ঠানিকভাবে কর্মী নিয়োগ শুরু হলেও সাধারণ কর্মী নিয়োগ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি ছিল না। ২০১৫ সালে গৃহকর্মী নিয়োগ এবং ২০২২ সালে দক্ষতা যাচাই সংক্রান্ত দু’টি বিশেষ চুক্তি সই হয়। 

নতুন এ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ থেকে সৌদি আরবে বিভিন্ন পেশায় দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি পাবে। পাশাপাশি কর্মী ও নিয়োগকর্তার অধিকার ও স্বার্থ অধিকতর সুরক্ষিত হবে মর্মে আশা করা যাচ্ছে। এই চুক্তি ভ্রাতৃপ্রতিম উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

চুক্তি সইয়ের আগে সৌদি মন্ত্রী ও উপদেষ্টার মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল সৌদি আরবে নিয়োগ চুক্তি যেন সঠিক হয়, ইকামা নবায়নের দায়িত্ব যেন নিয়োগকর্তা পালন করেন, দেশে ফেরত যেতে ইচ্ছুক কর্মীরা যেন স্বল্পতম সময়ে এক্সিট ভিসা পান এসব বিষয় তুলে ধরেন।

Share.
Leave A Reply

Exit mobile version