দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও উত্তেজনা বেড়েছে। কয়েকদিন ধরেই নেতাদের মধ্যে তীব্র বাক্য বিনিময় চলছিল, যা এখন সীমান্তে গোলাগুলিতে পরিণত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলার নওগাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া গোলাগুলি বিনিময় প্রায় এক ঘণ্টা ধরে চলে। তবে এটি সীমিত পরিসরে ঘটেছিল এবং সেনাবাহিনী দাবি করছে, এটি যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে এখনো পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, মাত্র কয়েক মাস আগে—মে মাসে—দুই দেশের মধ্যে টানটান উত্তেজনার পর ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনারা। পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানকে দায়ী করে দিল্লি এই অভিযান শুরু করে। টানা চার দিন স্থায়ী ওই সামরিক উত্তেজনা যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই শেষ হয়।

সূত্র : ফ্রি প্রেস জার্নাল

Share.
Leave A Reply

Exit mobile version