নেপালে চলতি সপ্তাহে প্রাণঘাতী বিক্ষোভ এবং পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগের পর সৃষ্টি হওয়া রাজনৈতিক সংকট দ্রুত সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, “আমি পরিস্থিতি মোকাবিলায় পরামর্শ দিচ্ছি এবং এই সংকটের সাংবিধানিক সমাধান খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করছি। আন্দোলনরত নাগরিকদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব একটি সমাধানে পৌঁছানো হবে।”
৭৩ বছর বয়সী প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি মঙ্গলবার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন। সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট পাউদেলকে সংসদের সবচেয়ে বড় দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে হবে।
সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল জানিয়েছে, সেনাবাহিনী গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের এবং ‘জেনারেশন জেড’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে। দেশটিতে কারফিউ জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট পাউদেল নেপালি জনগণকে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
