বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এক জায়গায় ‘জয়’ বলে, এরপর দেড় মাইল দূরে গিয়ে ‘বাংলা’ উচ্চারণ করেন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র হত্যার ইতিহাস শুধু আওয়ামী লীগের। আজকে দেখা গেল, এক জায়গায় বলছে জয়, দৌড়াতে দৌড়াতে দেড়মাইল দূরে গিয়ে বলছে বাংলা… এই হলো তাদের (আওয়ামী লীগ) অবস্থা। 

আওয়ামী লীগ যেন আর না দাঁড়াতে পারে, আগামীর নেতৃত্ব সেই রাজনীতিই করবে বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। 

নির্বাচনের মধ্যদিয়ে দেশে স্থিতিশীলতা আসবে উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। সংসদীয় সরকার প্রতিষ্ঠা করতে হবে যার মাধ্যমে জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে।

এরপর বিএনপির সিনিয়র নেতা বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে কিংবা তারও আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এ পথে যারা বাধা সৃষ্টি করতে চাচ্ছে বা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশে তিনি নসিহত করে বলেন—দেশ এখন নির্বাচনী আবহে রয়েছে, সারাদেশে ইতিমধ্যেই নির্বাচনী আমেজ তৈরি হয়েছে।

তারেক রহমান দেশে আসার মধ্যদিয়েই নির্বাচন নিশ্চিত হবে জানিয়ে সালাহউদ্দিন বলেন, শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন, সেদিন নির্বাচনের সবকিছু প্রতিষ্ঠা হবে, বলছি না নির্বাচন হয়ে যাবে। তবে বিএনপির নির্বাচনের কাজ অর্ধেক শেষ হয়ে যাবে। প্রচারণাতো নির্বাচনের মূল বিষয়, সেদিন বিএনপির অর্ধেক প্রচারণাও হয়ে যাবে।

তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দিনটি অবিস্মরণীয় ও ঐতিহাসিক হবে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক ও বিভিন্ন বিষয়ে সমঝোতা প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, বড় ধরনের ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে যদি কমিশন একতরফা সিদ্ধান্ত নেয়, তবে আগামী নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি হবে। যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে, সেগুলো সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version