নড়াইলের লোহাগড়া পৌরসভার জয়পুর লাহুড়িয়া সড়কের পাশে অবস্থিত প্রত্যাশা ক্লিনিকের অপারেশন থিয়েটার যেন পরিণত হলো টিকটক স্টুডিওতে।
সেখানে রোগীকে অচেতন অবস্থায় রেখে টিকটক ভিডিও বানিয়েছেন নার্স প্রিয়া।

বুধবার (২৭ আগস্ট) রাতে ক্লিনিকের অপারেশন থিয়েটারে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সৃষ্টি হয় ব্যাপক সমালোচনা।

একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন—
“একজন মহিলাকে সিজার করা হচ্ছে, তিনি অজ্ঞান অবস্থায়, অথচ সেই দৃশ্য ভিডিও করে প্রকাশ করছে! এর বিচার হওয়া উচিত।”

আরেকজন লিখেছেন—
“এই নার্সকে পেশা থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ক্লিনিক মালিককেও আইনের আওতায় আনতে হবে।”

স্থানীয় সূত্র জানায়, নার্স প্রিয়া নিয়মিত অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে মুমূর্ষু রোগীদের নিয়ে ভিডিও বানিয়ে আপলোড করতেন। যা সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মবিরোধী।

এ ঘটনায় এলাকায় তীব্র সমালোচনা ছড়িয়ে পড়েছে।

অভিযুক্ত নার্স প্রিয়া নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন। অপরদিকে ক্লিনিক মালিক সেলিমও ঘটনাটি স্বীকার করে প্রিয়াকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান।

তবে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত বলেন—
“অপারেশন থিয়েটারের কোনো দৃশ্য প্রকাশ দণ্ডনীয় অপরাধ। সেখানে রোগীকে নিয়ে টিকটক করা সীমাহীন দায়িত্বহীনতা।”

Share.
Leave A Reply

Exit mobile version