ভারতের বীরভূমের অন্তঃসত্ত্বা নারী সোনালি বিবি ও তার পরিবারকে সীমান্তে ‘পুশব্যাক’ করার পর নতুন জটিলতা তৈরি হয়েছে। বিএসএফ তাদের কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে চাঁপাইনবাবগঞ্জে অবস্থানকালে বাংলাদেশ পুলিশ তাদের আটক করে।

বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার জানিয়েছে, ২৯ বছর বয়সী সোনালি বিবি, তার স্বামী দানিশ শেখ ও আট বছরের ছেলে দিল্লির রোহিণীতে থাকতেন। কাগজ কুড়ানো ও গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন তারা। পরিবারের দাবি, গত ১৮ জুন দিল্লি পুলিশ তাদের আটক করে। একই সময়ে বীরভূমের আরেক নারী সুইটি বিবি ও তার সন্তানও আটক হন।

পরবর্তীতে দিল্লি আদালতে মামলা হলেও তা প্রত্যাহার করা হয়। পরে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের সহায়তায় কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়, যা এখনো বিচারাধীন।

পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম জানিয়েছেন, “সোনালির গ্রেপ্তারের খবর আমরা পেয়েছি। আইনি জটিলতা রয়েছে, তবে ওদের ফেরানোর চেষ্টা চলছে।” বুধবার কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়েছে। পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে ১০ সেপ্টেম্বর।

সোনালির পরিবার উদ্বিগ্ন। তার মামাতো ভাই রকি শেখ বলেন, “অন্তঃসত্ত্বা অবস্থায় দিদিকে বিদেশে আটক রাখা ভয়ংকর। যদি ওখানেই শিশুর জন্ম হয়, তবে আইনি জটিলতা আরও বাড়বে।”

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে আলীনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তিনি বলেন, “তারা সবাই ভারতীয় নাগরিক। কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দিয়েছে।”

Share.
Leave A Reply

Exit mobile version