বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চিকিৎসা শেষে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে তিনি অনেকটা সুস্থ আছেন, তবে আরও বিশ্রামের প্রয়োজন।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের জানান, ওপেন হার্ট সার্জারি একটি বড় ধরনের অপারেশন হওয়ায় রিকভারি সময় লাগে। তাই শফিকুর রহমানকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে এবং দুই সপ্তাহ বিশ্রাম দিতে হবে। তিন সপ্তাহ পর তিনি জনসম্মুখে আসবেন।

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক ডা. শহিদ আলম চৌধুরী বলেন, ২ আগস্ট তার বাইপাস সার্জারি হয়েছে। ২-৫ আগস্ট তিনি কার্ডিয়াক আইসিইউতে ছিলেন। ৫ আগস্ট থেকে কেবিনে আছেন এবং নিজেই হাঁটছেন। তার পুনরুদ্ধারে আমরা খুবই খুশি। আশা করি আগামী এক মাসের মধ্যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

এর আগে ১৯ জুলাই জামায়াতের সমাবেশে অংশগ্রহণের পর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শফিকুর রহমান। প্রাথমিকভাবে ডিহাইড্রেশনের কারণে অসুস্থতা ধরা পড়লেও পরে হৃদয়ে ব্লক ধরা পড়ায় ৩০ জুলাই হাসপাতালে ভর্তি হন।

তাঁর হার্টে পাঁচটি ব্লক ধরা পড়ায় ২ আগস্ট বাইপাস সার্জারি করা হয়। এখন তিনি চিকিৎসক পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন।

Share.
Leave A Reply

Exit mobile version