গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় ব্যাংকটির ভবনের কাচ, দরজা-জানালা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুনে পুড়ে গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জলিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে সকাল থেকেই গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকেরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
পরে বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড়ে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে হামলা চালানো হয়। হামলাকারীরা ভবনের থাই গ্লাসসহ বিভিন্ন স্থাপনা ও আসবাবপত্র ভাঙচুর করেন। একপর্যায়ে কার্যালয়ের ভেতর থেকে বিভিন্ন নথিপত্র ও আসবাবপত্র বাইরে নিয়ে এসে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
জানা গেছে, দক্ষিণ জলিরপাড় গ্রামের বাসিন্দা টুলু বাকচীর একটি ভবন ভাড়া নিয়ে সেখানে গ্রামীণ ব্যাংকের শাখাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
এ ঘটনায় ব্যাংকের আর্থিক ও দাপ্তরিক নথিপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিষয়ে জানতে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
