গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ৯৭ ব্যক্তি এবং চারটি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি এসব ব্যাংক হিসাবের আর্থিক লেনদেনের তথ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংস্থাটির গোয়েন্দা বিভাগ।
জব্দ হওয়া ব্যাংক হিসাবের তালিকায় রয়েছেন সাবেক সচিব সিরাজুল হক খান ও তার স্ত্রী। এ ছাড়া গোপালগঞ্জ জেলা এবং বিভিন্ন উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক পদধারী নেতাদের নামও রয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, ব্যাংক হিসাব জব্দ ও লেনদেন যাচাইয়ের তালিকায় থাকা ৯৭ ব্যক্তির মধ্যে সর্বোচ্চ ৩২ জন কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানীতে ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুরে ১৪ জন রয়েছেন।
এদিকে অভিযুক্তদের মধ্যে সাবেক স্বাস্থ্যসচিব ও তার স্ত্রীসহ অন্তত ১২ জনের পরিচয় জানা গেছে। তবে এসব ব্যক্তির বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে আর্থিক লেনদেনের প্রকৃত তথ্য যাচাই করা হচ্ছে।
