নোয়াখালীর বেগমগঞ্জে যুবদল কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত দুই দফায় এসব কর্মসূচি পালন করা হয়। অবরোধের কারণে মাইজদী-সোনাপুর সড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাহেরপুর গ্রামে হামলার ঘটনা ঘটে। এতে শাকিল মাহমুদ (৩১) নামে এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হন। ওই ঘটনায় শাকিলের পরিবারের সদস্যসহ আরও সাতজন আহত হন।
পরে শাকিলের পরিবারের পক্ষ থেকে করা মামলায় স্থানীয় জামায়াত ও শিবিরের নেতা-কর্মীসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়।
সোমবার দুপুরে মামলার আসামিরা নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক জামায়াত ও ছাত্রশিবিরের ছয় নেতা-কর্মীর জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে মামলার অন্য আসামিদের জামিন দেওয়া হয়।
কারাগারে পাঠানো ছয়জন হলেন জামায়াতে ইসলামীর মোহর আলী, বীন আমিন, নুর মোহাম্মদ ও নুর নবী এবং ইসলামী ছাত্রশিবিরের হাম্মাদুর রহমান ও আনাস বিন মুনির।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জামিন না পাওয়ার প্রতিবাদে দুপুর ২টার দিকে জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। জেলা জামে মসজিদ মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সড়কের এক পাশ বন্ধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
এরপর আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে দ্বিতীয় দফায় বিক্ষোভ মিছিল বের করেন শিবিরের নেতা-কর্মীরা। পরে জিলা স্কুলের সামনে মাইজদী-সোনাপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তাঁরা। এ সময় শিবিরের শহর শাখার সভাপতি আবদুল্লাহ আল মাহবুবসহ সংগঠনের কয়েকজন
