জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন খারিজ করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী সাথী সাহা। শুনানিতে তিনি দাবি করেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও পেশাগত কর্মকাণ্ড থেকে অবসর নিয়েছেন। তাঁর বয়স ও শারীরিক অবস্থার কারণে রাজপথে মিছিল করা কিংবা কোনো আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা নেই।
আইনজীবী আরও বলেন, নাহিদ একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। জামিন পেলে তিনি পালিয়ে যাবেন না। এ যুক্তিতে তাঁর জামিন মঞ্জুরের আবেদন জানানো হয়।
তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি নাকচ করে দেন।
এর আগে বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরার পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে ছাত্র-জনতার আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, আন্দোলনকারীদের ধাওয়া করে মারধরের পাশাপাশি গুলিও চালানো হয়। এ সময় সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন।
