২০২৭ সালের হজে অংশ নিতে ইচ্ছুক যাত্রীদের টিকা গ্রহণের আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতাল এবং নির্ধারিত ‘ক’ শ্রেণির বেসরকারি হাসপাতালে এসব পরীক্ষা করানো যাবে।
রোববার (২২ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী হজযাত্রীদের টিকা নেওয়ার আগে রক্তের গ্রুপ ও আরএইচ টাইপিং, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি উইথ ইএসআর), প্রস্রাব পরীক্ষা (ইউরিন আর/এম/ই), বুকের এক্স-রে, ইসিজি, র্যান্ডম ব্লাড সুগার (আরবিএস) এবং সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করাতে হবে। এর মধ্যে বুকের এক্স-রে ও ইসিজির প্রতিবেদনও জমা দেওয়া বাধ্যতামূলক।
এ ছাড়া কোনো হজযাত্রীর দুরারোগ্য বা গুরুতর অসুস্থতার লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাড়তি পরীক্ষা করতে হবে।
হৃদযন্ত্রের কার্যক্ষমতা নিয়ে সন্দেহ দেখা দিলে ইকোকার্ডিওগ্রাফি করাতে হবে। কিডনির জটিলতা থাকলে সিরাম ক্রিয়েটিনিন, কিডনি-ইউরেটার-ব্লাডার আলট্রাসনোগ্রাম এবং সিরাম ইউরিয়া পরীক্ষা প্রয়োজন হবে।
লিভারের কার্যকারিতা যাচাইয়ের জন্য সিরাম বিলিরুবিন, এসজিপিটি, অ্যালবুমিন-গ্লোবুলিন অনুপাত, পুরো পেটের আলট্রাসনোগ্রাম, আপার জিআইটি এন্ডোস্কপি ও প্রোথ্রম্বিন টাইম পরীক্ষা করার নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ শনাক্তে কফের এএফবি পরীক্ষা ও বুকের সিটি স্ক্যান করতে হবে। গর্ভাবস্থাজনিত জটিলতা থাকলে প্রয়োজন অনুসারে প্রেগন্যান্সি টেস্ট এবং গর্ভাবস্থার আলট্রাসনোগ্রাম করাতে হবে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন এবং ই-হেলথ প্রোফাইলের কপি নির্ধারিত টিকাকেন্দ্রে মেডিকেল টিমের কাছে জমা দেওয়ার পর হজযাত্রীরা টিকা নিতে পারবেন। টিকা গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের স্বাস্থ্য সনদ দেওয়া হবে।
হজযাত্রার স্বাস্থ্য পরীক্ষা ও টিকা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
