গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি রক্ষায় দেশবাসী ও আন্তর্জাতিক মহলকে সোচ্চার হওয়ার অনুরোধ জানিয়েছেন।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।
বিবৃতিতে তিনি জানান, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। গণমাধ্যমের প্রতিবেদনে এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া চট্টগ্রামে নিজের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানান ড. ইউনূস। তার ভাষ্য অনুযায়ী, ওই বাড়ি থেকেই তার কর্মজীবনের যাত্রা শুরু হয়েছিল এবং বর্তমানে সেখানে তার দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন।
তবে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে ধারাবাহিক হামলার বিষয়টি তাকে সবচেয়ে বেশি উদ্বিগ্ন করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তার মতে, এই ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; বরং দেশের লাখ লাখ দরিদ্র নারীর অর্থনৈতিক সক্ষমতা ও স্বাবলম্বী হওয়ার অন্যতম অবলম্বন।
ড. ইউনূসের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের মোট ঋণগ্রহীতার সংখ্যা প্রায় ১ কোটি ১০ লাখ। তাদের মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই প্রতিষ্ঠানটির ৯০ শতাংশ শেয়ারের মালিক, আর বাকি ১০ শতাংশের মালিক সরকার।
বিবৃতিতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটছে। শুধু নভেম্বর মাসেই প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব ঘটনার সময় হামলাকারীদের বিরুদ্ধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগও তোলেন ড. ইউনূস।
তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা প্রাণঘাতী পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। এসব হামলার কারণে গ্রামীণ এলাকার অসংখ্য নারী ও তাদের পরিবারের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
