মজুরি বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শ্রীপুরের শিল্পাঞ্চল। বিক্ষোভের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ গড়ে তোলার চেষ্টা করেন পোশাক কারখানার শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় কয়েক দফায় সড়ক অবরোধের চেষ্টা চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন সময়ে শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।
সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লাঠিসোঁটা হাতে একদল শ্রমিক মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের গিলারচালা এলাকায় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন।
খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে পুলিশের একটি সাঁজোয়া যান ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এরপর বিক্ষোভকারীদের কয়েকটি দল মহাসড়কের আশপাশের সংযোগ সড়কে অবস্থান নেয়। ফলে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যান চলাচলেও বড় ধরনের কোনো সমস্যা নেই। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলাম বলেন, বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
