ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুরোনো মেঘনা-গোমতী সেতুতে আবারও যান চলাচল বন্ধ করা হয়েছে। সেতুর গুরুত্বপূর্ণ বিয়ারিং প্যাডে ত্রুটি ধরা পড়ায় নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত যানবাহনগুলোকে পাশের নতুন চার লেনের সেতু ব্যবহার করতে বলা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টা থেকে পুরোনো সেতুতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
সওজ সূত্রে জানা গেছে, দাউদকান্দি অংশে সেতুর গার্ডার ও অ্যাবাটমেন্টের সংযোগস্থলে থাকা বিয়ারিং প্যাডে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বিশেষ করে ভারী যানবাহন চলাচলের সময় সেতুতে কম্পন তৈরি হচ্ছে। এতে হঠাৎ ব্রেক করা কিংবা ওভারটেক করার সময় যানবাহনের ভারসাম্য হারানোর আশঙ্কা রয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতেই দ্রুত সেতুটি বন্ধ করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমদাস রায় জানান, পুরোনো সেতু বন্ধ রাখার বিষয়টি তারা জানতে পেরেছেন। তবে মেরামত শেষ করে কবে নাগাদ এটি খুলে দেওয়া হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিকল্প নতুন সেতু দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেনও জানিয়েছেন, সংস্কারকাজের প্রয়োজনেই পুরোনো সেতুটি বন্ধ রাখা হয়েছে। যানবাহনের চলাচল সচল রাখতে নতুন সেতু ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নারায়ণগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, সেতুর বিয়ারিং প্যাডে ত্রুটি শনাক্ত হওয়ার পর সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রোববার বিকেল ৫টা থেকে যান চলাচল বন্ধ করা হয়েছে। নতুন সেতু দিয়ে দুই লেনে যানবাহন চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সওজের প্রধান কার্যালয় থেকে একটি বিশেষজ্ঞ দল পুরোনো সেতুটি পরিদর্শন করবে। পরিদর্শনের পর ত্রুটির মাত্রা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এরপরই সেতুটি পুনরায় চালু করতে কত সময় লাগবে, সে বিষয়ে সিদ্ধান্ত দেওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, ১৯৯৫ সালে মেঘনা ও গোমতী নদীর ওপর নির্মিত হয় পুরোনো এই সেতু। দুই লেনের সেতুটিতে রয়েছে ১৭টি স্প্যান। প্রতিদিন আনুমানিক ১০ থেকে ১২ হাজার যানবাহন এই সেতু ব্যবহার করে।
এর আগেও সংস্কার ও কারিগরি কাজের জন্য গত বছরের ২৯ ডিসেম্বর সেতুটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। প্রায় এক মাসের রক্ষণাবেক্ষণ ও মেরামত শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় এটি। তবে এক বছরেরও কম সময়ের ব্যবধানে নতুন করে ত্রুটি দেখা দেওয়ায় আবারও বন্ধ করতে হলো পুরোনো মেঘনা-গোমতী সেতু।
