নামের মিল থেকে তৈরি হওয়া এক ভয়াবহ ভুলের মাশুল দিতে হয়েছে জীবনের দীর্ঘ ১৮টি বছর। ভারতের একটি হত্যা মামলায় ভুল ব্যক্তিকে আসামি হিসেবে শনাক্ত করার অভিযোগে দীর্ঘদিন কারাগারে কাটানো বাংলাদেশের নাগরিক বাদল ফরাজী অবশেষে সাময়িক মুক্তি পেতে যাচ্ছেন। চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে তার ক্ষেত্রে।
বর্তমানে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দী রয়েছেন বাদল ফরাজী। তাকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১৬ নভেম্বর গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটকে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা। কারা কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে।
বাদলের প্যারোলে মুক্তির বিষয়টি এগিয়ে নিতে ভারতের দিল্লি হাইকোর্টের অনুমতি নেওয়া হয়েছিল। গত ২৯ সেপ্টেম্বর বিচারপতি অমিত বনসাল এ-সংক্রান্ত আবেদনের প্রার্থনা মঞ্জুর করেন। তবে আদালত স্পষ্ট করেন, প্যারোল বা ফার্লোর বিষয়ে বাংলাদেশে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করতে হবে।
এরপর ১ অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রয়োজনীয় স্মারক পাঠায়। ১১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়। পরে ২৫ অক্টোবর বাদলের বোন আকলিমা বেগম তার ভাইয়ের প্যারোলের জন্য আবেদন করেন। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের মতামতও নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনায় দিল্লি হাইকোর্টের আদেশ, আইন মন্ত্রণালয়ের মতামত এবং ২০১৬ সালের প্যারোল নীতিমালার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়েছে। মুক্ত থাকার সময় বাদলকে নির্ধারিত সব শর্ত মেনে চলতে হবে।

যে ঘটনায় বদলে যায় বাদলের জীবন
ঘটনার সূত্রপাত ২০০৮ সালের ৬ মে। ভারতের দিল্লির লাজপত নগরের দয়ানন্দ কলোনিতে নিজ বাসায় খুন হন ৭১ বছর বয়সী নির্মলা মাদান। হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত নারীর গৃহকর্মী বাদল সিংকে খুঁজছিল।
এর প্রায় দুই মাস পর, ১৩ জুলাই পর্যটক ভিসায় বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন বাংলাদেশের মোংলার বাসিন্দা বাদল ফরাজী। পরিবারের দাবি, তাজমহল দেখার উদ্দেশ্যেই তার ভারত সফর ছিল। কিন্তু সীমান্তে বিএসএফ তাকে আটক করে। নামের মিল থাকায় তাকে হত্যা মামলার পলাতক আসামি বাদল সিং হিসেবে শনাক্ত করা হয় বলে পরিবারের অভিযোগ।
তখন বাদল ছিলেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের দাবি, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা না থাকায় নিজের পরিচয় ও ভারতে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য যথাযথভাবে বোঝাতে পারেননি তিনি। পরবর্তী সময়ে পাসপোর্ট, ভিসা, সীমান্ত দিয়ে প্রবেশের তথ্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কাগজপত্র দেখানো হলেও তার মুক্তি মেলেনি।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। একই বছরের ২২ আগস্ট দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন।
কারাগারেই শেষ করেছেন পড়াশোনা
দীর্ঘ সময় দিল্লির তিহার কারাগারে কাটাতে হয় বাদলকে। বন্দী অবস্থাতেই তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন।
২০১৮ সালের ৬ জুলাই ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রাখা হয় তাকে।
সাময়িক মুক্তি নয়, স্থায়ী মুক্তির অপেক্ষায় পরিবার
বাদল ফরাজীর পরিবারের দীর্ঘদিনের প্রত্যাশা, তিনি যেন স্থায়ীভাবে কারামুক্ত হতে পারেন। ২০২৪ সালে দিল্লি সরকারের সাজা পর্যালোচনা বোর্ডে তার আগাম মুক্তির বিষয়টি তোলা হলেও সেই আবেদন প্রত্যাখ্যান করা হয়।
তার কারাবাসের ঘটনা নতুন করে আলোচনায় আসে লেখক রাহিতুল ইসলামের লেখা ‘বাদলের কারাবাস’ উপন্যাস প্রকাশের পর। প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে বাদলের গ্রেপ্তার, বিচার, কারাজীবন এবং মুক্তির জন্য পরিবারের দীর্ঘ প্রচেষ্টার চিত্র তুলে ধরা হয়েছে।
লেখক রাহিতুল ইসলামের মতে, চার সপ্তাহের প্যারোল বাদলের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী সমাধান নয়। তার মুক্তির বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিক মিজানুর রহমান সোহেলও মনে করেন, বাদলের জন্য শুধু সাময়িক মুক্তি নয়, প্রয়োজন স্থায়ী মুক্তি ও ন্যায়বিচার।
এদিকে কারাগারে থাকতেই বাবাকে হারিয়েছেন বাদল। দীর্ঘ ১৮ বছরের বিচ্ছিন্নতার পর পরিবারের সদস্যদের আশা, চার সপ্তাহের এই প্যারোল তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা করবে। তবে তাদের মূল প্রত্যাশা, প্যারোল শেষে যেন তাকে আবার কারাগারে ফিরতে না হয়।
