বিএনপিতে পুনরায় যোগ দেওয়ার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানিয়েছেন, দলটিতে ফিরে যাওয়ার জন্য এখন পর্যন্ত কোনো আবেদন করেননি। এমনকি তার বক্তব্য কিংবা কর্মকাণ্ডেও বিএনপিতে ফেরার কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বিষয়ে কথা বলেন রুমিন ফারহানা।
ফেসবুক পোস্টে তিনি জানান, অনেকেই তার রাজনৈতিক ভবিষ্যৎ এবং বিএনপিতে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে জানতে চাইছেন। তাদের উদ্দেশে তিনি স্পষ্ট করে বলেন, বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করেননি তিনি।
নিজের অবস্থান ব্যাখ্যা করে রুমিন আরও বলেন, তার কোনো বক্তব্য বা আচরণ থেকে আবার বিএনপিতে যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে—এমন ধারণা করারও সুযোগ নেই। বর্তমানে আল্লাহ তাকে যে অবস্থানে রেখেছেন, সে জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন রুমিন ফারহানা। এ কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
দলীয় সূত্রে জানা যায়, ওই নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেন ৮০ থেকে ৮৫ জন নেতা। তাদের মধ্যে সাতজন বিজয়ী হন। রুমিন ফারহানা ছিলেন তাদের একজন। বহিষ্কারের আগে তিনি বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
এদিকে বিদ্রোহী প্রার্থীদের সমর্থন ও নির্বাচনী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে তৃণমূল পর্যায়ের পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করেছিল বিএনপি। পরবর্তী সময়ে তাদের অধিকাংশই দলে পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করেন। বহিষ্কৃত নেতাদের ফিরিয়ে নেওয়ার আলোচনা সামনে আসার পর রুমিন ফারহানার অবস্থান নিয়েও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
