রাত গভীর হলেই সড়কে মোটরসাইকেলের অবাধ চলাচল আর থাকছে না। জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর এলাকায় রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
শনিবার ২১ নভেম্বর মহানগর পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন এই নিয়ম কার্যকর থাকবে।
সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন মধ্যরাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন সড়কে যুক্তিসংগত কারণ ছাড়া মোটরসাইকেল নিয়ে চলাচল করা যাবে না।
তবে জরুরি প্রয়োজনে যাদের এই সময় মোটরসাইকেল ব্যবহার করতে হবে, তাদের জন্য কিছু শর্ত নির্ধারণ করেছে পুলিশ। এ ক্ষেত্রে সঙ্গে রাখতে হবে মোটরসাইকেলের হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স।
পুলিশের এই সিদ্ধান্তের মাধ্যমে গভীর রাতে মহানগরীর সড়কে মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। তাই নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে চলাচলকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
