গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে মাইকিং করেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে প্রচারণা চালানো হয়।
মাইকিংয়ে জানানো হয়, রোববার দুপুর আড়াইটায় উপজেলার রামদিয়ায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মুঠোফোনে বলেন, রোববার দুপুরে রামদিয়ায় তাঁদের বিক্ষোভ কর্মসূচি রয়েছে। কর্মসূচি সফল করতেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হচ্ছে।
এদিকে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে এমন কর্মসূচির প্রচারণা ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাইকিংয়ের বিষয়টি তিনি শুনেছেন। তবে কর্মসূচি যেন শান্তিপূর্ণভাবে পালন করা হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে পুলিশের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও জানান তিনি।
