রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী গ্রীষ্মের আগেই পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে এই ইউনিট থেকে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে এগিয়ে চলছে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের নির্মাণ ও কারিগরি কার্যক্রম।
বুধবার (১৮ নভেম্বর) এসব তথ্য জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান।
তিনি জানান, মঙ্গলবার প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার পর প্রায় সাড়ে আট ঘণ্টা উৎপাদন কার্যক্রম চলে। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে ইউনিটটির সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়। প্রথম পর্যায়ের পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।
এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রথম দফার পরীক্ষায় টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাই করা হয়েছে। পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা চালানোর প্রস্তুতি হিসেবেই আপাতত সংযোগ বন্ধ রাখা হয়েছে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর দ্বিতীয় দফায় চার থেকে ছয় ঘণ্টার জন্য আবারও গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, বিদ্যুৎ সংকটের বিষয়টি বিবেচনায় রেখে প্রকৌশলী, বিজ্ঞানী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টায় দ্রুত পরীক্ষামূলক উৎপাদন শুরু করা সম্ভব হয়েছে। পরবর্তী পরীক্ষার প্রয়োজনে উৎপাদন কখনো বাড়ানো, কখনো কমানো হতে পারে। কিছু পরীক্ষা সম্পন্ন করতে সাময়িকভাবে ইউনিট বন্ধ রাখার প্রয়োজনও দেখা দিতে পারে। উৎপাদনের এই পরিবর্তনের সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ড. জাহেদুল হাসানের প্রত্যাশা, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী কাজ এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করতে পারবে। তখন প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি কমাতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে কেন্দ্রটি।
দ্বিতীয় ইউনিটের অগ্রগতি নিয়ে তিনি জানান, প্রথম ইউনিটের তুলনায় এটির কাজ প্রায় ১২ থেকে ১৪ মাস পিছিয়ে রয়েছে। তবে দ্বিতীয় ইউনিটের জন্য নতুন পারমাণবিক জ্বালানি আসতে শুরু করেছে। নির্মাণ ও কারিগরি কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা কাজ করছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ডিসেম্বরের শেষ দিকে অথবা ২০২৮ সালের জানুয়ারিতে দ্বিতীয় ইউনিট থেকেও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।
এর আগে মঙ্গলবার বিকেল ৩টা ১৬ মিনিটে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। সংযোগের মাত্র ২৯ মিনিটের মধ্যে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছে যায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে নির্ধারণ করা হয়। ধাপে ধাপে বাড়িয়ে একপর্যায়ে তা সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে উন্নীত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রমের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান (চলতি দায়িত্ব) ড. এম মইনুল ইসলাম, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসানসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রাথমিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী পর্যায়ে যাওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে। সেই অনুমোদন পাওয়ার পর শুরু হবে পরীক্ষামূলক পরিচালনা বা ‘ট্রায়াল অপারেশন’। এ সময় ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে রিঅ্যাক্টর, টারবাইন, জেনারেটর এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতা পরীক্ষা করা হবে।
এর আগে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছিলেন, জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে উৎপাদন বাড়ানোর বিষয়টি নির্ভর করবে কারিগরি পরীক্ষার ফলাফল এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের ওপর।
দেশের বৃহত্তম একক উন্নয়ন প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। কেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে এনপিসিবিএল। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
