দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নজর দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। সংসদের চলমান অধিবেশনের শেষ দিনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা তারেক রহমান। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সভায় জাতীয় ও দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস ঘিরে কর্মসূচি পালনের বিষয়েও আলোচনা হয়। এর মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণ দিবস পালন নিয়েও আলোচনা করেন সংসদ সদস্যরা।
বৈঠকে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়মিত পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখা, তাদের পাশে দাঁড়ানো এবং দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশনা দেন তিনি।
দলীয় সংসদ সদস্যরা যেন নিজ নিজ এলাকায় সক্রিয় থেকে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ান, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে।
