দেশে চলমান সহিংসতা নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকা সব রাজনৈতিক দল ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গোলাম পরওয়ার। এ সময় দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখতে পারছে না। দেশের চলমান সহিংসতা মোকাবিলায় দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদের পুনরাবির্ভাব ঠেকাতে সব রাজনৈতিক দলকে মাঠপর্যায়ে সক্রিয় হতে হবে।
এ সময় জামায়াতের পক্ষ থেকে নতুন কর্মসূচির ঘোষণাও দেন তিনি। গোলাম পরওয়ার জানান, আগামী ২১ নভেম্বর রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ ও মিছিল করবে জামায়াতে ইসলামী। পাশাপাশি ডিসেম্বরজুড়ে দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, গণভোটের রায় উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা থেকেই রাজনৈতিক অঙ্গনে বিভক্তি বাড়ছে। এ পরিস্থিতিতে ফ্যাসিবাদবিরোধী জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।
এ ছাড়া ১১ দলের চলমান আন্দোলন বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সরকার নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছে বলেও অভিযোগ করেন জামায়াতের এই নেতা।
গোলাম পরওয়ারের দাবি, সরকারের শিথিল অবস্থানের কারণে নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। প্রশাসনের ভেতরে আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তা এখনো সক্রিয় রয়েছেন, তাদের বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
