জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মোট ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে সেতু নির্মাণ, নদী ও খাল খনন, নদীভাঙন রোধ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মহাসড়ক চার লেনে উন্নীত করার উদ্যোগ।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন পায়। অনুমোদিত প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
মোট বরাদ্দের মধ্যে সরকারি তহবিল থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণের জন্য। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত মেয়াদে বাস্তবায়ন হতে যাওয়া এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা।
এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচব্যবস্থার উন্নয়নে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
রাজধানীর পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নেও নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণে ব্যয় হবে ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা। প্রকল্পটি ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সরকার দেবে ৯৮৩ কোটি ৬৪ লাখ টাকা এবং ঢাকা ওয়াসা বহন করবে বাকি ১০ কোটি টাকা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। ফরিদপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা, সিলেট বিভাগের চার জেলায় ৫ হাজার ১০৬ কোটি টাকা এবং বৃহত্তর যশোর অঞ্চলে অবকাঠামো উন্নয়নে ২ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ ছাড়া জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনীতে ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা এবং পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধনীতে ১০৫ কোটি ৯৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অনুমোদিত হয়েছে। এর মধ্যে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন ঠেকাতে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন প্রতিরোধে ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্পের জন্য ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা ঋণ হিসেবে পাওয়া যাবে।
কৃষি খাতের ক্ষুদ্রসেচ ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় এ কার্যক্রম বাস্তবায়নে ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে।
এ ছাড়া ঢাকার ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে ৩৮৩ কোটি ৬৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা এলাকায় বিমান বাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা সমাধানে অবকাঠামো উন্নয়নের জন্য অনুমোদিত হয়েছে আরও ৪৯৫ কোটি ৯ লাখ টাকার প্রকল্প।
সড়ক যোগাযোগ খাতেও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নত ও প্রশস্ত করতে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে। পাশাপাশি মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা।
এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয় নির্ধারিত আরও ১৪টি প্রকল্পের বিষয়েও একনেক সভায় আলোচনা করা হয়। এসব প্রকল্প ইতোমধ্যে পরিকল্পনামন্ত্রীর অনুমোদন পেয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
