হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণের আঘাতে চারটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের নৌবাহিনী ও ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি বিশাল আকৃতির সুপারট্যাঙ্কারও রয়েছে বলে জানিয়েছে ইরানি সামরিক বাহিনী।
শনিবার (১৪ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকেই হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে। ইরান জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই গুরুত্বপূর্ণ নৌপথ অতিক্রম করতে পারবে না।
তবে আগুনে ক্ষতিগ্রস্ত চারটি জাহাজের নাম, মালিকানা কিংবা কোন দেশের পতাকাবাহী ছিল, সে সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানের সামরিক কর্তৃপক্ষ। শুধু জানানো হয়েছে, দক্ষিণ হরমুজ অঞ্চলে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি সুপারট্যাঙ্কার রয়েছে।
এর আগে চলতি সপ্তাহে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের কালিবাফ বলেছিলেন, হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। তার ভাষ্য অনুযায়ী, ওয়াশিংটনকে ইসলামাবাদ স্মারকপত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শর্তগুলো মেনে নিতে হবে। অন্যথায় এই গুরুত্বপূর্ণ জলপথ পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নেই।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিতে এমন অগ্নিকাণ্ডের খবর আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
