বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা পণ্য শুল্কায়ন ছাড়াই বের করে নেওয়ার চেষ্টার অভিযোগে একটি ট্রাকসহ ২৫ টন পণ্য জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা পণ্য চালানটির আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ২৫ লাখ টাকা। প্রাথমিক পরীক্ষায় কয়েকটি প্যাকেটে গ্যাস্ট্রিকের ওষুধ ওমিপ্রাজলের উপাদান পাওয়া গেছে বলে জানিয়েছে কাস্টমস।
শুক্রবার (১৩ নভেম্বর) বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বন্দরের ৯ নম্বর শেডে অভিযান চালিয়ে ট্রাকসহ পণ্যগুলো জব্দ করা হয়। জাতীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন কাস্টমস কর্মকর্তারা।
জব্দ করা ট্রাকটির নম্বর যশোর-ট-১১-৬৩৯৩। এতে এক হাজার বস্তায় মোট ২৫ হাজার কেজি পণ্য ছিল। চালানটির আমদানিকারক ঢাকার প্রতিষ্ঠান ‘অনিন্দিতা ইন্টারন্যাশনাল’। আর সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে ছিল বেনাপোলের ‘ব্রাইট ইন্টারন্যাশনাল’।
কাস্টমস ও বন্দর সূত্রে জানা গেছে, আগের একটি চালানের কাগজপত্র ব্যবহার করে নতুন চালানটি বন্দর থেকে বের করে নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। একই আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের একটি চালান গত ৮ নভেম্বর বন্দরে প্রবেশ করে। প্রয়োজনীয় যাচাই, অ্যাসেসমেন্ট ও শুল্ক পরিশোধের পর সেটি খালাসের অনুমতি পায়। ওই চালানের কাগজপত্রে পণ্যের বিবরণ ছিল ট্যালকম পাউডার।
এরপর একই ধরনের ঘোষণা দিয়ে আনা নতুন চালানটি গত ১১ নভেম্বর সন্ধ্যায় বন্দরের ৯ নম্বর শেডে নামানো হয়। অভিযোগ রয়েছে, আগের চালানের শুল্কায়ন সম্পন্ন হওয়ার সুযোগ কাজে লাগিয়ে নতুন পণ্যটিকেও একই চালান হিসেবে দেখিয়ে বের করে নেওয়ার চেষ্টা চলছিল। অথচ নতুন চালানটির শুল্কায়ন ও খালাসের আনুষ্ঠানিকতা তখনো সম্পন্ন হয়নি।
কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ, ট্যালকম পাউডারের ঘোষণা ব্যবহার করে অন্য কোনো দামি রাসায়নিক বা ভিন্ন পণ্য আমদানি করা হয়ে থাকতে পারে। প্রাথমিক পরীক্ষায় কয়েকটি প্যাকেটে ওমিপ্রাজলের উপাদান শনাক্ত হলেও পুরো চালানে কী ধরনের পণ্য রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পণ্যের প্রকৃত পরিচয়, শুল্কযোগ্য মূল্য এবং সম্ভাব্য রাজস্ব ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হবে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্কায়ন ছাড়াই পণ্য বের করে নেওয়ার প্রস্তুতির বিষয়টি ধরা পড়ে। ঘোষণার সঙ্গে প্রকৃত পণ্যের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় চালানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানিয়েছেন, জব্দ করা পণ্য বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
