বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের পাশাপাশি ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
এ ছাড়া বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।
অন্যদিকে, বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে।
