দেশের পাঁচ বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও কমতে পারে তাপমাত্রা।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশের আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
শনিবারও দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। এদিন রাত ও দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
রোববার চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
