জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর কারাগারে পাঠানো হয়েছে সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে। তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা এবং ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ ফারজানা হক শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন দুপুরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আমির হোসেন তাঁকে আদালতে হাজির করেন। একই সঙ্গে তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখার আবেদন জানান।
অন্যদিকে, ইকবাল সোবহান চৌধুরীর আইনজীবীরা তাঁর বয়স ও শারীরিক অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন প্রার্থনা করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত তাঁকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত দেন।
এর আগে বুধবার বিকেলে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাঁকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সময় রাজীব ঘোষ নামের আরও এক সাংবাদিককে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার মধ্যরাতে রাজীব ঘোষকে ছেড়ে দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে আন্দোলন চলাকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হন লর্ড হার্ডিঞ্জ ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আরিফ। তাঁর চোখে গুলি লাগে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত আরিফের বাবা ইউসুফ ২০২৪ সালের ২৫ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২৩৩ জনকে আসামি করা হয়। ওই মামলার তালিকায় ৫৩ নম্বর আসামি হিসেবে রয়েছে ইকবাল সোবহান চৌধুরীর নাম।
ডিবিসি নিউজসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন ইকবাল সোবহান চৌধুরী। সরকার পরিবর্তনের পর তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে এরপরও বিভিন্ন সময়ে তিনি কার্যালয়ে যাতায়াত করতেন।
বুধবার দুপুরেও তিনি ডিবিসি নিউজের কার্যালয়ে যান। বিকেল ৩টার দিকে সেখান থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশের সদস্যরা তাঁকে আটক করেন।
