চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষ করে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এই দুটি বিষয়েই ফেল করেছেন মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী।
প্রকাশিত ফল অনুযায়ী, এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
বিষয়ভিত্তিক ফলাফলে দেখা যায়, ইংরেজিতে ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন এবং আইসিটিতে ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী পাস করতে পারেননি।
এবার সব শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে। গত ২১ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ। এরপর আর কোনো বছর পাসের হার এতটা নিচে নামেনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এবারের ফল প্রকাশ করা হয়। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফল ঘোষণার পাশাপাশি সার্বিক পরিসংখ্যান তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এদিকে, যারা এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাদের জন্য আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রাখছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী এক থেকে দুই মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। পরীক্ষার্থীরা শুধু যেসব বিষয়ে ফেল করেছেন, সেসব বিষয়েই আবার পরীক্ষা দিতে পারবেন।
