ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার রাতে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৭ বছর বয়সে তিনি মারা যান।
পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান। তিনি জানান, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
মরিয়ম বেগমের জানাজা ঢাকায় ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
পরিবারের তথ্য অনুযায়ী, মরিয়ম বেগম দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৪ অক্টোবর গুলশানের নিকেতনে নিজের বাসায় তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। পরে ওই রাতেই তাঁকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
পপির মায়ের মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
