সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুরের নিয়ালা শহরে ড্রোন হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি। সোমবার সন্ধ্যায় শহরটির উত্তরাঞ্চলের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির এক প্রতিবেদনে স্থানীয় চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হতাহতের এ তথ্য জানানো হয়।
নিয়ালা হাসপাতালের এক চিকিৎসক জানান, সোমবার রাতে ড্রোন হামলার পর ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আহত অবস্থায় ৪০ জনেরও বেশি মানুষকে পাওয়া গেছে।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, রাত প্রায় ৮টার দিকে শহরের উত্তরাঞ্চলের একটি বাজারে হামলাটি চালানো হয়। বাজারটিতে সাধারণ মানুষের পাশাপাশি সশস্ত্র ব্যক্তিদেরও যাতায়াত ছিল। সেখানে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সদস্যদেরও চলাচল করতে দেখা যেত।
দারফুরের গুরুত্বপূর্ণ শহর নিয়ালা বর্তমানে আরএসএফের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে নিজেদের প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে বাহিনীটি। এর মধ্য দিয়ে খার্তুমভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সুদানের সেনাবাহিনীর কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত চলছে। দীর্ঘ এই লড়াইয়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। পাশাপাশি দেশটিতে ব্যাপক খাদ্যসংকট ও বাস্তুচ্যুতির পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্বের অন্যতম গুরুতর মানবিক সংকটে পরিণত হয়েছে।
আরএসএফের নিয়ন্ত্রণে থাকা নিয়ালা শহরে সুদানের সেনাবাহিনী নিয়মিত হামলা চালিয়ে আসছে। তবে সর্বশেষ ড্রোন হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
