সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং তাঁদের মারধরের হুমকি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা ড. সৈয়দ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে নিজের বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) নিম্ন আদালতে কর্মরত সাংবাদিকদের সংগঠন কোর্ট রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম সুজনের পক্ষে নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খাদেমুল ইসলাম।
নোটিশে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর চাঁদপুরের মতলব উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে বক্তব্য দেন এনায়েতুল্লাহ আব্বাসী। সেখানে সাংবাদিকদের সম্পর্কে তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বাংলাদেশের সাংবাদিকদের ‘সবচেয়ে খারাপ’ আখ্যা দিয়ে তাঁদের কুকুরের মতো পেটানো দরকার বলে মন্তব্য করেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া একজন যুবক প্রতিমন্ত্রীর দায়িত্বে থেকে নিজের বাহিনী নিয়ে মাদক সিন্ডিকেটের কার্যক্রম ভেঙে দেওয়ার চেষ্টা করেছেন বলেও তিনি বক্তব্য দেন বলে অভিযোগে বলা হয়েছে। তাঁর দাবি ছিল, সাংবাদিকেরা ওই উদ্যোগের ইতিবাচক দিক তুলে না ধরে পিস্তল হাতে দৌড়ানোর বিষয়টি প্রচার করেছেন।
নোটিশে আরও বলা হয়, এনায়েতুল্লাহ আব্বাসী সাংবাদিকদের ‘সাংঘাতিক’ বলে উল্লেখ করেন এবং তাঁদের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতার অভিযোগ তোলেন। পাশাপাশি বিদেশি গোয়েন্দা সংস্থার অর্থে সাংবাদিকেরা পরিচালিত হন এবং তাঁরা বাংলাদেশের উন্নতি চান না—এমন বক্তব্যও দিয়েছেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনি নোটিশে বলা হয়েছে, এ ধরনের বক্তব্য সাংবাদিকতা পেশা ও পেশাদার সাংবাদিকদের প্রতি অবমাননাকর এবং মানহানিকর। একই সঙ্গে সাংবাদিকদের মারধরের হুমকি ও উসকানিমূলক মন্তব্য তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, তাঁর বক্তব্যের কারণে সাংবাদিকদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় সাংবাদিক ও সাংবাদিকতা পেশা সম্পর্কে অবমাননাকর মন্তব্য, মানহানি, হামলার হুমকি এবং উসকানির অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে জানানো হয়েছে।
