রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের সময় নিজের কক্ষে ধূমপানরত অবস্থায় এক চিকিৎসককে দেখতে পান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় কক্ষের অপরিচ্ছন্ন পরিবেশও তাঁর নজরে আসে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। দুপুর ১টা ৪১ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা, পরিবেশ ও সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পরিদর্শনের একপর্যায়ে সহযোগী অধ্যাপক রফিকুল ইসলামের কক্ষে যান প্রধানমন্ত্রী। সেখানে চিকিৎসককে ধূমপান করতে দেখার পাশাপাশি কক্ষের অপরিচ্ছন্নতা লক্ষ করেন তিনি। এরপর তাৎক্ষণিকভাবে হাসপাতালের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তী সময়ে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রধানমন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের তালিকায় আরও ছিল উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
এ ছাড়া ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ধানমন্ডি সরকারি বালক উচ্চবিদ্যালয়, সরকারি বাংলা কলেজ, পাইকপাড়া স্টাফ কোয়ার্টার, কলাবাগান স্টাফ কোয়ার্টার এবং আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টার ঘুরে দেখেন তিনি। মিরপুর-১০ এলাকায় হকারমুক্ত ফুটপাতের অবস্থাও পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় কয়েকটি স্থানে অপরিচ্ছন্ন পরিবেশ ও ব্যবস্থাপনাগত দুর্বলতা দেখে অসন্তোষ প্রকাশ করেন সরকারপ্রধান। উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশ উন্নত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের সময়সীমা বেঁধে দেন তিনি।
অন্যদিকে, আজিমপুর সরকারি কর্মকর্তা-কর্মচারী কোয়ার্টারের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়।
এদিন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
