লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিন দিন ধরে দুই ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ দুজন হলো—আরাফাত সায়েম (১৪) ও মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)।
পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, গত রোববার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নিখোঁজ দুই শিক্ষার্থীর পরিবারের সদস্যরা।
আরাফাত সায়েম রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির বাসিন্দা ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
অন্যদিকে, ইকরামুল হাসান মিনহাজ চরপাতা ইউনিয়নের গাজিনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও ফাহিমা আক্তারের একমাত্র ছেলে। মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজের পর দুই পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়। কোথাও সন্ধান না পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এদিকে সন্তানদের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমেও সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। তারা জানান, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই দুই শিক্ষার্থীর সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি।
আরাফাত সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর সারাদিন পার হলেও তারা বাড়িতে ফেরেনি। এরপর পরিচিতজন ও আত্মীয়দের কাছে খোঁজ নেওয়া হলেও কোনো তথ্য পাওয়া যায়নি।
তারা আরও জানান, সন্তানদের সন্ধান পেতে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সায়েম ও মিনহাজ নামে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় পৃথক জিডি হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।
