রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ৯২৩টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিনভর রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইন ভঙ্গের দায়ে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়ার পাশাপাশি বেশ কিছু গাড়ি ডাম্পিং ও রেকার করা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক-রমনা বিভাগে বাস, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ১২৮টি মামলা হয়েছে। এর মধ্যে ১৪টি বাস, ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ১৬৮টি মামলা করা হয়েছে। এসব মামলার মধ্যে ১৫টি বাস, ১৬টি ট্রাক, একটি কাভার্ড ভ্যান, ১৪টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৩২৭টি মামলা হয়েছে। এর মধ্যে ১৫টি বাস, ৩টি ট্রাক, ২৪টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজি এবং ১৭০টি মোটরসাইকেল রয়েছে।
অন্যদিকে ট্রাফিক-ওয়ারী বিভাগে সবচেয়ে বেশি সংখ্যক যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে ৪৮২টি। এর মধ্যে ২২টি বাস, ৩৭টি ট্রাক, ৪৭টি কাভার্ড ভ্যান, ৯৫টি সিএনজি ও ১৬৫টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ২১১টি মামলা করা হয়েছে। এর মধ্যে ১৬টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৩৫টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেল রয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে অভিযান চালিয়ে মোট ৫০৫টি মামলা করা হয়। এর মধ্যে ৩৪টি বাস, ৩৮টি ট্রাক, ৫২টি কাভার্ড ভ্যান, ৬০টি সিএনজি এবং ১৭১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ৬২৩টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৭টি বাস, ১৪টি ট্রাক, ৩০টি কাভার্ড ভ্যান, ৬২টি সিএনজি এবং ২৭২টি মোটরসাইকেল রয়েছে।
এ ছাড়া ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩২টি বাস, ১২টি ট্রাক, ১৯টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ১৪৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, অভিযানের সময় আইন লঙ্ঘনের কারণে মোট ৬২২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে। পাশাপাশি ৩৭৪টি গাড়ি রেকার করা হয়।
রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
