রাজশাহী রেঞ্জের আওতাধীন আট জেলার ৭২টি থানায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী রেঞ্জ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে বিভিন্ন থানায় মোট ৭৩টি মামলা হয়েছে। এর মধ্যে দুটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে। পাশাপাশি চুরির ঘটনায় চারটি, নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি এবং অন্যান্য অপরাধে ৬৫টি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া চারটি অপমৃত্যুর (ইউডি) মামলাও নথিভুক্ত হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় রেঞ্জের ৭২টি থানায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আশিক সাঈদ বলেন, বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
গ্রেফতার ২৩০ জনের মধ্যে ৮৭ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ১৪ জনের বিরুদ্ধে আদালতের দেওয়া সাজা রয়েছে। এ ছাড়া বিভিন্ন মামলায় এজাহারভুক্ত ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক আচরণের কারণে আরও ১৫ জনকে আটক করা হয়।
অভিযানের সময় পুলিশ একটি বার্মিজ ছুরি, ১০১ গ্রাম হেরোইন, ২৮১টি ইয়াবা বড়ি, ১০ বোতল বিদেশি মদ, ২১১টি নেশাজাতীয় ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা জব্দ করেছে।
রাজশাহী রেঞ্জ পুলিশের গণমাধ্যম শাখা বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
