রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিলের ঘটনায় এবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। এর আগে একই ঘটনায় গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দায়িত্ব থেকে সরানো হয়েছিল।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষর করা একটি অফিস আদেশে তানভীর আহমেদকে সদর দপ্তরে সংযুক্ত করার বিষয়টি জানানো হয়।
আদেশ অনুযায়ী, প্রশাসনিক কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গুলশান বিভাগের ডিসি এম তানভীর আহমেদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তার দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বুধবারই গুলশান মডেল থানার ওসি মো. দাউদ হোসেনের বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত পৃথক আদেশে তাকে গুলশান থানা থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।
পুলিশের এই দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা সামনে আসে গত ১১ সেপ্টেম্বর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর।
শুক্রবার দুপুরের দিকে গুলশান থানার আওতাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় হঠাৎ মিছিল বের করেন নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পুলিশ জানিয়েছে, মিছিল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। ঘটনাস্থল থেকে দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় পাঁচটি ককটেল।
ঘটনার পর গুলশানসহ সংশ্লিষ্ট এলাকায় অভিযান জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ সূত্রে জানা গেছে, পরবর্তী অভিযানগুলোতে এখন পর্যন্ত অন্তত ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
একই ঘটনার ধারাবাহিকতায় প্রথমে গুলশান মডেল থানার ওসিকে দায়িত্ব থেকে সরানো এবং পরে বিভাগের উপ-পুলিশ কমিশনারকে সদর দপ্তরে সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হলো।
তবে অফিস আদেশে উভয় কর্মকর্তার ক্ষেত্রে ব্যবহৃত ভাষ্য হিসেবে প্রশাসনিক কারণের কথা উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো বিভাগীয় অভিযোগ বা শাস্তির বিষয়টি আদেশে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি।
