২০২৭ সালের বিশ্ব ইজতেমাও দুই পর্বে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপ ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপ ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ নদীর তীরেই দুই পর্বের ইজতেমা আয়োজন করা হবে।
সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম পর্বে জুবায়েরপন্থী অনুসারীরা অংশ নেবেন। পরের সপ্তাহে দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই এবারের সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সূচি অনুযায়ী, প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এক সপ্তাহ বিরতির পর ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব, যা ১৭ জানুয়ারি রোববার শেষ হওয়ার কথা রয়েছে।
এদিকে মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি দেশের প্রচলিত ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় বিবেচনা করবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

