কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলাচলের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে দুটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ট্যাঙ্কার দুটি প্রণালির এমন একটি পথে প্রবেশ করেছিল, যেটিকে তারা ‘অবৈধ পথ’ হিসেবে উল্লেখ করেছে। মাইন বিস্ফোরণের পর জাহাজ দুটির ক্রুদের সরিয়ে নেওয়া হয় এবং পরে ট্যাঙ্কারগুলো মার্কিন পরিচালকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি।
আইআরজিসির নৌবাহিনী এর আগে ওই এলাকায় মাইন থাকার কারণে ঝুঁকিপূর্ণ পথটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
‘আইনগত পথ অনুসরণ না করলে শাস্তি’
আইআরজিসির দাবি, কিছু শিপিং কোম্পানি নির্ধারিত ও আইনসম্মত নৌপথ ব্যবহার না করে যুক্তরাষ্ট্রের প্ররোচনায় ঝুঁকিপূর্ণ পথে জাহাজ পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সতর্কতা উপেক্ষা করে শত্রুভাবাপন্ন পক্ষের হাতে জাহাজ তুলে দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট শিপিং কোম্পানিগুলোর জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, তাদের ঘোষিত এই শাস্তিমূলক পদক্ষেপ খুব শিগগিরই কার্যকর করা হবে।
তবে জাহাজ দুটির মাইন বিস্ফোরণের বিষয়ে আইআরজিসির দাবির স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি।
