দীর্ঘ প্রায় পাঁচ মাস সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তার দেশে ফেরার বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
মির্জা আব্বাসের সঙ্গে একই ফ্লাইটে তার স্ত্রী আফরোজা আব্বাসও দেশে ফিরছেন।
চিকিৎসকদের অনুমতি পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত
মালয়েশিয়া থেকে আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের অনুমোদন পাওয়ার পরই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ফেরার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতিও ইতোমধ্যে শেষ হয়েছে।
পরিবার ও বিএনপির নেতাদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে ঢাকায় ফেরার পরও তার চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন প্রক্রিয়া অব্যাহত থাকবে। এ জন্য নিয়মিত ফিজিওথেরাপির ব্যবস্থাও রাখা হয়েছে।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
গত ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে ১৫ মার্চ তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসা নেওয়ার পর পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
সংসদ সদস্য ও রাজনৈতিক উপদেষ্টা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা আব্বাস। বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন তিনি।
