সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চার ব্যক্তির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ তদন্তে চার সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
অনুসন্ধানের আওতায় থাকা অন্য তিনজন হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
দুদকে জমা পড়া অভিযোগে আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে বিপুল অঙ্কের দুর্নীতি এবং বিদেশে অর্থ স্থানান্তরের মতো বিষয়েও অভিযোগ রয়েছে।
এ ছাড়া বেআইনি বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের অভিযোগও অনুসন্ধানের আওতায় এসেছে বলে জানা গেছে।
দুদক সূত্রের বরাত দিয়ে আরও জানা যায়, সাবেক ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় ক্রিকেট বোর্ডের কার্যক্রমে হস্তক্ষেপের অভিযোগও রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে। একই সঙ্গে তার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অনিয়ম ও অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক। অনুসন্ধান শেষে অভিযোগগুলোর বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।
