সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত আল মিনহাদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, সোমবার (৩১ আগস্ট) দিনের শুরুতে ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সরঞ্জাম ও হেলিকপ্টার লক্ষ্য করে সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, লারাক দ্বীপে সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের জবাব হিসেবেই আল মিনহাদ ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। ওই অভিযানে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য এবং কয়েকজন ইরানি নাগরিক নিহত হয়েছেন বলে তেহরানের দাবি।
ইরানি সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে আল মিনহাদ বিমানঘাঁটিকে বিদেশি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বিমান পরিবহন ও লজিস্টিকস কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটানোর উদ্দেশ্যেই ড্রোনগুলো ব্যবহার করা হয়েছে। তবে হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা হতাহতের কোনো নির্দিষ্ট তথ্য বিবৃতিতে জানানো হয়নি।
ইরানি সামরিক বাহিনী আরও জানিয়েছে, দেশের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা সতর্ক অবস্থানে রয়েছে। আঞ্চলিক হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার কথাও বলা হয়েছে।
ইরানের বিবৃতিতে সাম্প্রতিক সংঘাতে নিহত ব্যক্তিদের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়েছে। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অংশ হিসেবেই এ ধরনের পালটা অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই হামলার দাবি সত্য হলে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।
