ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার পর এবার টুর্নামেন্টের ফাইনালেও গান পরিবেশন করতে যাচ্ছেন কলম্বিয়ার জনপ্রিয় সংগীতশিল্পী শাকিরা। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত হাফটাইম শোতে তিনি আরও কয়েকজন আন্তর্জাতিক তারকার সঙ্গে অংশ নেবেন।
আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে প্রায় ১১ মিনিটব্যাপী বিশেষ এই আয়োজনটি সুপার বোলের হাফটাইম শোর আদলে অনুষ্ঠিত হবে। ফিফা ও গ্লোবাল সিটিজেনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানের সৃজনশীল পরিচালনায় রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিরা জানান, এবারের হাফটাইম শো বিশ্বকাপের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার অভিজ্ঞতার পর এবার ফাইনালের পরিবেশনাকে আরও ভিন্নধর্মী ও আকর্ষণীয় করে তুলতে তিনি বিশেষ প্রস্তুতি নিচ্ছেন।
শাকিরার ভাষ্য অনুযায়ী, এই আয়োজনে তার সঙ্গে অংশ নেওয়ার কথা রয়েছে জাস্টিন বিবার, ম্যাডোনা, বিটিএস এবং কোল্ডপ্লের প্রতিনিধিদের। তিনি বলেন, এত বড় মাপের শিল্পীদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করা নিঃসন্দেহে ব্যতিক্রমী অভিজ্ঞতা হবে।
পারফরম্যান্স প্রসঙ্গে শাকিরা আরও জানান, শিল্পীরা একসঙ্গে বসে পুরো আয়োজনের পরিকল্পনা চূড়ান্ত করবেন। দর্শকদের মতো তিনিও এই বিশেষ পরিবেশনা নিয়ে সমানভাবে উৎসাহী ও কৌতূহলী।
উল্লেখ্য, ফিফা বিশ্বকাপের ফাইনালে এবারই প্রথম পূর্ণাঙ্গ হাফটাইম শোর আয়োজন করা হচ্ছে। ফুটবল ও সংগীতের এই নতুন সংযোজন ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

