৪৭তম বিসিএসের প্রফেশনাল ক্যাডারে কম্বাইন্ড ডিগ্রিধারী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ১৮ জন প্রার্থী সুপারিশ না পাওয়ার কারণ স্পষ্ট করা এবং সংশ্লিষ্ট সমস্যার সমাধানসহ চার দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার আন্দোলনের পঞ্চম দিনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এম মাহবুবউজ্জামান একাডেমিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা মানববন্ধনের ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘SAVE ASVM’ বার্তা প্রদর্শন করেন এবং দাবি আদায়ের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তাদের দাবির বিষয়ে তিনি সহমত প্রকাশ করছেন এবং সমস্যার সমাধানে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে। তিনি জানান, ডিন কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হলেও আন্দোলনকারীরা সেই প্রস্তাব গ্রহণ করেননি। তাদের বক্তব্য, দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, অনুষদের শিক্ষক, অ্যালামনাই প্রতিনিধি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে দীর্ঘ বৈঠকে সংকট নিরসনের লক্ষ্যে দুটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। তবুও ক্লাস ও পরীক্ষায় ফেরার অনুরোধে সাড়া দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, চার দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না। পাশাপাশি প্রয়োজন হলে দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ বিষয়ে সমর্থন আদায়ের উদ্যোগ নেওয়া হবে বলেও তারা জানিয়েছেন।
