তামিল চলচ্চিত্র শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে তামিলনাড়ু সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়-এর নির্দেশনায় এখন থেকে নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য প্রতিদিন পাঁচটি শো চালানোর সুযোগ দেওয়া হবে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধা সিনেমা মুক্তির পর প্রথম সাত দিন পর্যন্ত কার্যকর থাকবে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শেষে সরকার এ সিদ্ধান্ত অনুমোদন দেয়।
এর আগে ১৯৫৭ সালের তামিলনাড়ু সিনেমা বিধিমালা অনুযায়ী, রাজ্যের সিনেমা হলগুলোতে প্রতিদিন সর্বোচ্চ চারটি শো প্রদর্শনের অনুমতি ছিল। বিশেষ উপলক্ষ, উৎসব বা সরকারি ছুটিতে অতিরিক্ত শো চালাতে আলাদা অনুমোদনের প্রয়োজন হতো।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহে প্রতিদিন পাঁচটি শো পরিচালনা করা যাবে। এছাড়া সরকারি ছুটি, স্থানীয় উৎসব ও সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে অতিরিক্ত শো চালানোর ক্ষেত্রেও আর আলাদা অনুমতির প্রয়োজন হবে না।
চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ নতুন সিনেমার প্রচার, দর্শক উপস্থিতি এবং বক্স অফিস আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে বড় বাজেটের সিনেমাগুলো মুক্তির প্রথম সপ্তাহেই বেশি আয় করার সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।
