পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে একটি জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস প্রকাশ করেছে শারজাহভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান। তাদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে পালিত হতে পারে।
শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক আন্তর্জাতিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। সেখানে বলা হয়, সম্ভাব্য হিসাবে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হতে পারে। সেই হিসেবে ২৬ মে হবে আরাফার দিন (৯ জিলহজ)।
জ্যোতির্বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, ১৭ মে রাত ১২টা ১৭ মিনিটে চাঁদের সংযোগ (কনজাংশন) ঘটবে। ওই দিনটি হবে ১৪৪৭ হিজরির জিলকদ মাসের ২৯তম দিন। সূর্যাস্তের সময় চাঁদের বয়স প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট হতে পারে এবং সূর্যাস্তের পর প্রায় ৫৭ মিনিট পর্যন্ত দিগন্তে দৃশ্যমান থাকার সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে খালি চোখে চাঁদ দেখা সম্ভব বলেও ধারণা করা হচ্ছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে, যাতে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির সমন্বয়ে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।
তবে তারা স্পষ্ট করেছে, এসব তথ্য শুধুমাত্র বৈজ্ঞানিক পূর্বাভাস। হিজরি মাসের শুরু এবং ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের ক্ষমতা সংশ্লিষ্ট দেশের সরকারি ও ধর্মীয় কর্তৃপক্ষের হাতেই ন্যস্ত।

