সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ককে চার লেনে উন্নীত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। হাইওয়ে উন্নয়ন প্রকল্পের প্রথম ধাপে ২৬.২১ কিলোমিটার সড়ক চার লেনে সম্প্রসারণের একটি প্রকল্প ইতোমধ্যে পিপিপি ভিত্তিতে অনুমোদন পেয়েছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, এই প্রকল্পের আওতায় প্রায় ২.৬ কিলোমিটার দীর্ঘ একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। এছাড়া অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা (ফিজিবিলিটি স্টাডি) চলছে। এ অংশের অর্থায়ন নিয়ে জাইকার সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, মহাসড়কটি দুর্ঘটনাপ্রবণ হওয়ায় এখানে ইতোমধ্যে কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আরও উন্নয়ন প্রয়োজন।
উল্লেখ্য, প্রায় ১৫৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। অতীতে একাধিকবার এ বিষয়ে সমীক্ষা পরিচালিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে একটি বিদেশি পরামর্শক প্রতিষ্ঠান পরিচালিত সমীক্ষায় প্রকল্পটির সম্ভাব্য ব্যয় প্রায় ১০ হাজার কোটি টাকা ধরা হয়েছিল।

