বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবহারে সংযম আনতে সরকার নতুন কিছু নির্দেশনা জারি করেছে। বিশেষ করে সরকারি কার্যক্রমে জ্বালানি তেলের ব্যবহার কমানোর লক্ষ্যে বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভার্চুয়ালি অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি। সে কারণে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি উপস্থিতির পরিবর্তে অনলাইন বা ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়, বিভাগীয় পর্যায়ের সভায় জেলা পর্যায়ের প্রতিনিধিরা এবং জেলা পর্যায়ের সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নেবেন। এর ফলে অপ্রয়োজনীয় যাতায়াত কমে জ্বালানি খরচ হ্রাস পাবে।
এছাড়া, একান্ত প্রয়োজন ছাড়া সরাসরি সভা আয়োজন থেকে বিরত থাকারও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে যানবাহনের ব্যবহার কমিয়ে জ্বালানি সাশ্রয় করা যায়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
