মুসলিম বিশ্বে সহায়তার পরিধি বাড়াতে ইসলামি এনজিওগুলোকে আরও বেশি সামাজিক ব্যবসা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন মুসলিম দেশের এনজিও নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকের বরাত দিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বৈঠকে ড. ইউনূস বলেন, আমাদের বিশ্বে আমরা নারীদের ও স্বাস্থ্যসেবার ওপর গুরুত্ব দেই। গরিব মানুষ স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার মুখোমুখি হয়। আমরা স্বাস্থ্যসেবাকে তাদের সহায়তার একটি উপায় হিসেবে দেখেছি।

প্রধান উপদেষ্টা বলেন, এই সহায়তা কার্যক্রম পরিচালনার একটি ভালো উপায় হচ্ছে সামাজিক ব্যবসা।

এ সময় ড. ইউনূস জানান, তিনি সামাজিক ব্যবসায় আসার জন্য এবং উদ্যোক্তা হওয়ার জন্য বিশ্বজুড়ে তরুণদের উৎসাহিত করেন।

বৈঠকে উপস্থিত এনজিও নেতারা জানান, সম্প্রতি ড. ইউনূস যে সামাজিক ব্যবসার প্রচারণা চালিয়েছেন, তা তাদের নিজ নিজ দেশে এ ধরনের উদ্যোগ নিতে উৎসাহ ও প্রেরণা জুগিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version