লিওনেল মেসির ক্যারিয়ারে যোগ হলো আরও একটি গোল। পেশাদার ফুটবলে ৯২৩তম গোলের দেখা পেলেও তার দল ইন্টার মায়ামি জয় তুলে নিতে পারেনি। নিজেদের মাঠে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে মায়ামি। ফলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকল দলটি।

ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। বিপরীতে টরন্টো তুলনামূলক কম আক্রমণ করেও পাওয়া সুযোগের সদ্ব্যবহার করেছে।

প্রথমার্ধে মায়ামির হয়ে বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। রদ্রিগো ডি পলের পাস থেকে লুইস সুয়ারেজ গোল করার মতো অবস্থানে গেলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরে মেসির তৈরি করে দেওয়া সুযোগ পেয়েছিলেন জার্মান বার্তেরামি। কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থ হওয়ায় গোলের দেখা পায়নি মায়ামি।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে চোটের শঙ্কায় মাঠ ছাড়েন মায়ামির লেফট-ব্যাক সার্জিও রেগুইলন। এর কিছুক্ষণ পরই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টরন্টো।

৬০ মিনিটের কাছাকাছি সময়ে দ্রুত পাসিংয়ের মাধ্যমে মায়ামির রক্ষণ ভেঙে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট। কয়েক মিনিট পর আবারও আক্রমণে গিয়ে ব্যবধান দ্বিগুণ করে সফরকারীরা। কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় ফিনিশ করেন ডেরেক এতিয়েন।

শেষ দিকে মায়ামি গোল শোধের মরিয়া চেষ্টা চালায়। ৮১ মিনিটে গোললাইন থেকে জর্জি মিহালোভিচের শট ফিরিয়ে দিয়ে দলকে বড় বিপদ থেকে রক্ষা করেন ইয়ান ফ্রে।

এর পরের মিনিটেই অবশ্য মায়ামির হয়ে ব্যবধান কমান মেসি। রদ্রিগো ডি পলের ডিফেন্স ভেদ করা পাস পেয়ে প্রথম স্পর্শেই বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা। চলতি মৌসুমে এটি মেসির ১৪তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে ৯২৩তম গোল।

তবে মেসির এই গোল শেষ পর্যন্ত মায়ামিকে হার থেকে বাঁচাতে পারেনি। বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই হারের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থানীয় দলের সঙ্গে মায়ামির ব্যবধান আরও বেড়েছে। ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে তাদের সংগ্রহ ৩৯ পয়েন্ট। একই সংখ্যক ম্যাচ খেলে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে ন্যাশভিল।

Share.
Leave A Reply

Exit mobile version